Loading...

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

| Updated: February 25, 2022 14:30:45


আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয়ের পর সিরিজ জেতার হাতছানি বাংলাদেশের সামনে। একই সঙ্গে ইংল্যান্ডকে সরিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষ যাওয়ার সুযোগ। দুটি সম্ভাবনাকে পূর্ণতা দিতে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আফগান দলে তিন পরিবর্তন

জেতা ম্যাচ হেরে যাওয়া আফগানিস্তান একাদশে এনেছে তিনটি পরিবর্তন। সেই ম্যাচের ব্যর্থতায় বাদ পড়েছেন গুলবাদিন নাইব ও ইয়ামিন আহমদজাই। তাদের জায়গায় ফিরেছেন দুই পেসার ফরিদ আহমাদ মালিক ও আজমতউল্লাহ ওমরজাই।

প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া ওপেনার ইব্রাহিম জাদরান নেই দলে। তার জায়গায় ফিরেছেন রিয়াজ হাসান।

আফগানিস্তান দল: রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ফরিদ আহমদ মালিক, রশিদ খান, ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই।

একই একাদশ নিয়ে বাংলাদেশ

৭ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পাওয়া দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। অভিষেকে শূন্য রানে ফেরা ইয়াসির আলি চৌধুরি পেলেন আরেকটি সুযোগ।

একাদশের বাইরে থাকছেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে দুই অধিনায়কের চাওয়াই পূরণ হলো। টস জিতে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল নিলেন ব্যাটিং। জিতলে বোলিংই নিতেন বলে জানান আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। আগের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন তিনি।

বাংলাদেশের সামনে দুই হাতছানি

আফিফ হোসেন ও মেহেদী হাসানের আগের ম্যাচের জুটি নিশ্চিতভাবেই জায়গা পেয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট গল্পগাঁথায়। ১৭৪ রানের অবিচ্ছিন্ন সেই জুটির হাত ধরে দুটি প্রাপ্তির হাতছানি স্বাগতিকদের সামনে। দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ সঙ্গে ইংল্যান্ডকে পেছনে ফেলে বাংলাদেশ দল ওঠে যাবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুক্রবার খেলা শুরু হবে সকাল ১১টায়। 

প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জিতলেও বাংলাদেশের খেলা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন রাসেল ডমিঙ্গো। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই উন্নতি দেখতে চান বাংলাদেশের প্রধান কোচ।

Share if you like

Filter By Topic