আকরাম খানের দায়িত্ব ছাড়ার বিষয়ে এখনো কোনো কিছু ভাবেননি বিসিবি প্রধান


FE Team | Published: December 22, 2021 19:52:09 | Updated: December 23, 2021 10:33:06


আকরাম খানের দায়িত্ব ছাড়ার বিষয়ে এখনো কোনো কিছু ভাবেননি বিসিবি প্রধান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের সঙ্গে কথা বলার পর ক্রিকেট পরিচালনা বিভাগ ছাড়ার ব‍্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন আকরাম খান। তবে এর আগেই বিসিবি প্রধান জানালেন, এই ব‍্যাপারে এখনো কোনো কিছু ভাবেননি তিনি। আগামী শুক্রবার কমিটি করার সময়ই তিনি নেবেন সিদ্ধান্ত।

সাবিনা আকরাম গত সোমবার ফেইসবুক পোস্টে স্বামীর পদত্যাগের খবর দেন। পরদিন আকরাম জানান, পারিবারিক সিদ্ধান্তে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি।

তবে বুধবার বোর্ডের অনানুষ্ঠানিক সভা শেষে বিসিবি প্রধান জানান, আকরাম এই বিভাগে থাকবেন না কিংবা এই দায়িত্ব পালন করবেন না, এভাবে বলেননি তাকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ও বলে নাই, ও করবে না। বলেছে আপনার সিদ্ধান্ত। ও বলেছে আট বছর আছে, এটাতে প্রচুর কাজ। সে বলেছে এটাতে যেহেতু এত কাজ, অন্য কোনটায় দিলে তার আপত্তি নাই। আবার এটাও বলেছে, আপনি যেটা বলেন সেটাই ফাইনাল।

এমন না যে, ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিবে, নাথিং লাইক দ্যাট। সে তার সমস্যার কথা বলেছে। এখন যে পরিমাণ তার সম্পৃক্ততা। বিশেষ করে বায়ো বাবলের জন্য, কোভিড পরিস্থিতিতে বিষয়গুলো জটিল হয়ে গেছে। সে মনে করছে, তার জন্য কঠিন হবে, সময় দেওয়াটা। পরিবারকে তার সময় দিতে হবে ইত্যাদি।

গত অক্টোবরে নির্বাচন হয়ে যাওয়ার পর এখনও বিসিবি পরিচালকদের মধ‍্যে দায়িত্ব বণ্টন করা হয়নি। আগের পরিচালকরা নিজ নিজ বিভাগে কাজ করে যাচ্ছেন। নাজমুল হাসান জানালেন, আগামী শুক্রবারের বোর্ড সভায় দায়িত্ব বণ্টনের জন‍্য বসবেন তারা।

এখানটায় আমার মনে হয়, কমিউনিকেশন গ্যাপ আছে। প্রথম কথা হচ্ছে আমরা এখনো কমিটি কাউকে দেইনি, কমিটি তৈরি করিনি। কাজেই এটা ছাড়বে কি? আর যেটাতে ছিল ওটা তো শেষ। শেষ হওয়ার পর আবার ছাড়া যায় নাকি। একমাত্র জিনিস হচ্ছে অন্তর্বতীকালীন আকরাম চালিয়ে যাচ্ছে। আমি গণমাধ্যমে দেখে ভেবেছিলাম বোধহয় এই সময়টায় ও থাকতে চাচ্ছে না। পরে ও বললো তা না। ২৪ তারিখে আমরা কমিটির জন‍্য বসব। সেদিন কমিটি করব।

সেদিন কি ক্রিকেট পরিচালনা বিভাগেই রাখা হবে আকরামকে? পরিবর্তন এলে কে হবেন বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিভাগের নতুন প্রধান? নাজমুল হাসান জানালেন, এখনও কোনো কিছুই ঠিক হয়নি।

প্রথম কথা হলো, এটা নিয়ে আমি চিন্তাই করিনি। ছেড়ে দেওয়াটা বড় কথা না। কাকে দিব, এটা হলো বড় কথা। একজনকে ছেড়ে দিলে আরেকজনকে দিতে হবে, এমন একজনকে দিতে হবে যে নাকি এটা করতে পারবে এবং করতে চায়। দুটোই গুরুত্বপূর্ণ। চেঞ্জ হবে এটাও বলছি না, চেঞ্জ হবে না এটাও বলছি না।

Share if you like