আওয়ামী লীগের দোষ হলো সত্য কথাটাও ঠিকমত বলতে পারে নাঃ ডিএমপি কমিশনার


FE Team | Published: March 27, 2022 17:53:58 | Updated: March 28, 2022 10:23:29


আওয়ামী লীগের দোষ হলো সত্য কথাটাও ঠিকমত বলতে পারে নাঃ ডিএমপি কমিশনার

স্বাধীনতার ঘোষণা নিয়ে বিরোধীদলগুলোর নেতাদের কিছু বক্তব্য প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ রাজারবাগে পুলিশ সদস্যদের উজ্জীবিত করেছিল।

শনিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, রাজারবাগে পুলিশ কনস্টেবল প্রথম গুলি ছুড়েছিল। কোন ঘোষণা তাকে উজ্জীবিত করেছিল? এখন একটি দলের নেতারা বলেন, মানুষ নাকি দিকভ্রান্ত হয়েছিল, মানুষ নাকি বুঝতে পারছিল না কী করবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তাহলে রাজারবাগের পুলিশ কীভাবে বুঝেছিল? সারা দেশের পুলিশ কীভাবে বুঝেছিল কী করতে হবে? আসলে মিথ্যার বেসাতি তো, মিথ্যা কথা বলতে বলতে তারা এমন একটা জায়গায় নিয়ে যায়, যেন সেটাই (মিথ্যা) সত্য।

তিনি বলেন, আওয়ামী লীগের দোষ হলো সত্য কথাটাও ঠিকমত বলতে পারে না। আর ওরা একটা কথা ১০ বার বলবে মিথ্যা কথা বলতে বলতে এই যে এখন একটা পার্টির খুব সিনিয়র নেতা বলা শুরু করেছেন, তাদের নেত্রী না কি এক নম্বর মুক্তিযোদ্ধা। এর চেয়ে হাস্যকর আর।

যাকে তার স্বামী পরিত্যাগ করছিল যে পাকিস্তানের ওখানে কী করছে। আর এখন সে না কি এক নম্বর মুক্তিযোদ্ধা। আচ্ছা সেগুলো আর আমরা না বলি। কিন্তু সত্য কিন্তু দিবালোকের মতো স্পষ্ট।

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের পুলিশই প্রমাণ করেছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে আমরা শপথ নিয়েছিলাম এবং দেশমাতৃকার জন্য প্রয়োজনে রক্ত দেব, জীব্ন দেব। সেই শপথের বহিঃপ্রকাশ কিন্তু সারা বাংলাদেশে ঘটেছিল।

জাতির পিতার ৭ মার্চ যেভাবে বলেছেন। এরপরে ফরমালি আর স্বাধীনতার ঘোষণার তেমন কোনো প্রয়োজন ছিল না। ৭ মার্চের ভাষণে রাজারবাগ পুলিশকে উজ্জীবিত করেছিল।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মুজিববর্ষ স্মারকগ্রন্থ অনশ্বর পিতা এর মোড়ক উন্মোচন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংগঠনের সভাপতি পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের আইজিপি বেনজীর আহমেদসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

গত শুক্রবার সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব ফখরুল দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, তাকে (খালেদা) আজকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে। ৪০ বছর ধরে যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন তাকে আজকে এই সরকার আটক করে রেখেছে। অসুস্থবস্থায় তাকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না তারা।

Share if you like