আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আফিফের উন্নতি, নাঈম-মাহমুদউল্লাহর অবনতি


FE Team | Published: November 24, 2021 16:30:01 | Updated: November 24, 2021 20:46:05


পাকিস্তান সিরিজে ব্যাট হাতে কিছুটা অবদান রাখার পুরস্কার পেয়েছেন আফিফ হোসেন

পাকিস্তানের বিপক্ষে দলের বাজে পারফরম্যান্সের সিরিজে ব্যাট হাতে কিছুটা অবদান রাখার পুরস্কার পেয়েছেন আফিফ হোসেন। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই ক্রিকেটারের। পিছিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অধিনায়ক মাহমুদউল্লাহ।

বাংলাদেশ-পাকিস্তান ও ভারত-নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক আফিফ। ১০০ স্ট্রাইক রেটে বাঁহাতি এই ব্যাটসম্যান রান করেছেন ৭৬। এর সুবাদে তালিকার সেরা একশতে ঢুকেছেন তিনি। ২৯ ধাপ এগিয়ে আছেন ৮৫তম স্থানে।

নাঈম প্রথম দুই ম্যাচে ১ ও ২ রান করার পর সিরিজের শেষ ম্যাচে খেলেন ৪৭ রানের ইনিংস। সব মিলিয়ে ৫০ রান আসে তার ব্যাট থেকে। অধারাবাহিক এই পারফরম্যান্সে তিন ধাপ পিছিয়ে তিনি আছেন ২৩ নম্বরে।

মাহমুদউল্লাহ রান করেছেন কেবল ৩১। যেখানে সর্বোচ্চই ১৩। এর ফলে তিনি এক ধাপ নিচে নেমে অবস্থান করছেন ৩০তম স্থানে।

Share if you like