Loading...

আইএসআইএস-কের ওপর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা

| Updated: August 28, 2021 16:38:53


কাবুল বিমানবন্দরের তল্লাশি চৌকিতে যুক্তরাষ্ট্রের সেনা। ছবি: রয়টার্স কাবুল বিমানবন্দরের তল্লাশি চৌকিতে যুক্তরাষ্ট্রের সেনা। ছবি: রয়টার্স

আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) হয়ে হামলার এক পরিকল্পনাকারীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা ও গুলি চালানোর পর প্রেসিডেন্ট বাইডেন এর সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এর একদিন পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ড্রোন হামলা চালানো হল।

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে বোমা হামলায় ১৩ মার্কিনসহ কমপক্ষে ১৭০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএসআইএস-কের ওই পরিকল্পনাকারী মার্কিন সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতির বরাতে জানিয়েছে সিএনএন ও রয়টার্স।

বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপটেন বিল আরবান বলেন, “যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে আইএসআইএস-কের একজন পরিকল্পনাকারীর বিরুদ্ধে।

“আফগানিস্তানের নানগহর প্রদেশে মনুষ্যবিহীন ওই বিমান হামলা চালানো হয়। প্রাথমিক তথ্যউপাত্ত বলছে আমরা যাকে লক্ষ্য করে হামলা চালিয়েছি তিনি নিহত হয়েছেন। সাধারণ কোনো নাগরিকের মৃত্যুর খবর আমরা পাইনি।”

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসের পক্ষে সন্ত্রাসী হামলার একজন পরিকল্পনাকারীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

ওই কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্য থেকে একটি রিপার ড্রোন উড়ে গিয়ে নানগহরে হামলা করে, ওই সময় আইএসআইএস-কের ওই সদস্য আরেক সহযোগীসহ একটি গাড়িতে ছিলেন। হামলায় দুজনেরই মৃত্যু হয়েছে বলে তাদের বিশ্বাস।

এই বিষয়ে অবগত একজন কর্মকর্তা সিএনএনকে জানান, আইএসআইএস-কের পরিকল্পনাকারীর বিরুদ্ধে হামলা পরিচালনার আনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

এদিকে শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, কাবুলে আরেকটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সতর্ক করেছে তাদের জাতীয় নিরাপত্তা দল।

কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাস আবারও নিরাপত্তার হুমকিতে রয়েছে জানিয়ে তাদের দেশের নাগরিকদের দ্রুত বিমানবন্দরের ফটক সংলগ্ন এলাকাগুলো থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া।

 

Share if you like

Filter By Topic