অস্কারে ডুনের জয়জয়কার, সেরা চলচ্চিত্র কোডা


এফই অনলাইন ডেস্ক | Published: March 28, 2022 10:24:52 | Updated: March 28, 2022 18:05:42


অস্কারে ডুনের জয়জয়কার, সেরা চলচ্চিত্র কোডা

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে সায়েন্স ফিকশন ব্লকবাস্টার ডুনের জয়জয়কারের মধ্যে সেরা সিনেমার পুরস্কার জিতেছে সিয়ান হেডারের কোডা।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সিয়ান হেডারের রচনা ও পরিচালনায় নির্মিত কোডা একটি মেয়ের গল্প নিয়ে আবর্তিত, যার পুরো পরিবার বধির এবং পরিবারের একমাত্র সদস্য ওই মেয়েটিরই শুধু শ্রবণ ক্ষমতা রয়েছে। জোনস নামের সেই মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন এমিলিয়া জোনস।

সিএনএন জানিয়েছে, কোডা এবারের অস্কার আসরে তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। জোনসের বাবার চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন ট্রয়ি কোটসুর। অস্কারের ইতিহাসে তিনি দ্বিতীয় বধির শিল্পী যাকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস দেওয়া হল। এর আগে প্রথম বধির শিল্পী হিসেবে মারলি ম্যাটলিন ১৯৮৭ সালে চিলড্রেন অব আ লেসার গড সিনেমায় অস্কার জিতে নেন।

একটি ছায়াছবিতে একজন শিল্পীর অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে এসএজি পুরস্কারও জিতেছে কোডা।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের পুরস্কার বিতরণী হয়।

Share if you like