আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অসুস্থতার অজুহাতকে সামনে এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নতি চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার দাবি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, হাসপাতালে আছেন, তিনি দ্রুত আরোগ্য লাভ করুন। মহান স্রষ্টার কাছে আমি প্রার্থনা করি, তিনি দ্রুত আরোগ্য লাভ করে সহসা ঘরে ফিরে যান।
তিনি বলেন, আদালতে তার (খালেদা জিয়ার) জামিন না হওয়া সত্ত্বেও আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা মানবিক দৃষ্টিকোণ থেকে সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে করোনা মহামারির শুরুতেই প্রশাসনিক ক্ষমতা বলে তাকে মুক্তি দিয়েছেন এবং সেটি দুই দফা বর্ধিত করা হয়েছে।
কিন্তু তার এই অসুস্থতার অজুহাতকে সামনে এনে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। করোনার চিকিৎসা তো আমাদের দেশে যা, ইংল্যান্ডেও তা, সিঙ্গাপুরেও তা, ইউরোপেও তা। সুতরাং এই ধরণের দাবি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
দেশ ও দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবারাত্রি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অন্যদিকে বিএনপির রাজনীতি শুধু বেগম খালেদা জিয়াকে নিয়ে। তাদের কথায় মনে হয়, দেশের জনগণের চিকিৎসার কোনো দরকার নাই, খাদ্যের কোনো দরকার নাই। এটা কি ধরণের দৃষ্টিভঙ্গি, তা আজও আমাদের বোধগম্য হয় না।