Loading...
The Financial Express

অভিযান-১০: বিস্ফোরণের পর লঞ্চে ছড়িয়ে পড়ে আগুন

| Updated: December 25, 2021 11:02:05


ঝালকাঠির সুগন্ধা নদীতে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে পুড়ে যায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ অভিযান-১০। ঝালকাঠির সুগন্ধা নদীতে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে পুড়ে যায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ অভিযান-১০।

ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, তার একটি ধারণা পাওয়া গেছে ওই নৌযানের মালিক ও বেঁচে যাওয়া যাত্রীদের কথায়।

লঞ্চ মালিক হাম জালাল শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লঞ্চের কেরানী আনোয়ার ভোর রাত ৩টার ৫মিনিটে তাকে ফোন করে আগুন লাগার খবর দেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“সে বলেছে দোতলায় একটা বিস্ফোরণ হয়, সঙ্গে সঙ্গে কেবিনে আর লঞ্চের পেছনের বিভিন্ন অংশে আগুন দেখা যায়। তারপর তৃতীয় তলার কেবিন ও নিচতলায় ছড়িয়ে পড়ে আগুন।”

গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী ওই লঞ্চে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন আরও বহু যাত্রী। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে লঞ্চ মালিক হাম জালাল বলেন, ওই লঞ্চে অন্তত ২১টি অগ্নি নির্বাপক যন্ত্র ছিল, কিন্তু এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে সময় পাওয়া পায়নি।

“একটি পাইপ গেছে ইঞ্জিন থেকে, সেখানে প্রথম বিস্ফোরণ হয় বলে আনোয়ার আমাকে জানিয়েছে।”

হাম জালাল এম ভি অভিযান-১০, ৩ ও ৫ লঞ্চের মালিক। এ ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানান তিনি।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেছেন, লঞ্চের ইঞ্জিনরুমের অংশটি বেশি পুড়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

ওই লঞ্চের বেঁচে যাওয়া যাত্রী আব্দুর রহিম জানান, রাতে ডেক থেকে তিনি হঠাৎ বিকট শব্দ পান। তারপর লঞ্চের পেছন দিক থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখেন। অল্প সময়ের মধ্যে আগুন পুরো লঞ্চ গ্রাস করে ফেলে। আতঙ্কিত হয়ে তিনি ডেক থেকে নদীতে লাফিয়ে পড়েন।

নদীর পাশের দিয়াকুল গ্রামের লোকজন নৌকা নিয়ে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছিলেন। তারাই রহিমকে উদ্ধার করে গরম কাপড় দেন। পরে সকালে তাকে ট্রলারে করে ঝলাকাঠি শহরে নেওয়া হয়।

Share if you like

Filter By Topic